জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেছেন, পিলখানা হত্যাযজ্ঞের মতো জাতীয় সংকটকালে সাংবাদিকদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তেমনি সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীকেও সংকট মোকাবিলায় হতে হবে আরো দক্ষ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) আয়োজিত ‘পিলখানা হত্যাযজ্ঞ : গণমাধ্যমের ভ‚মিকা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহ্বন জানান।
বিজেমর কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের।সেমিনারে আলোচনায় অংশ নেন মেজর জেনারেল (অব.) এম আবদুর রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ঈশা মোহাম্মদ, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সহকারী সম্পাদক শাহীন রেজা নূর, একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতেয়াক রেজা, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী রওনাক হোসেন, মেজর (অব.) জিলøুর রহমান প্রমুখ।
মেজর জেনারেল (অব.) এম আবদুর রশীদ পিলখানা হত্যাকাণ্ডের কথা উলেøখ করে বলেন, ‘সংকট মোকাবিলা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর সক্ষমতার অভাব রয়েছে। রাষ্ট্রীয় কাঠামোকে আঘাত হানে এমন সংকটকালে সাংবাদিকদের প্রতিবেদন সমাজে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, তা অবশ্যই ভেবে দেখতে হবে। রাষ্ট্রের যেকোনো সংকটকালে আমাদের হতে হবে আরো সতর্ক।’ অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো মানুষ যা জনতে চায়, তা জানানো। তবে এ ক্ষেত্রে দায়িত্বশীল ও নীতিবোধের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে সাংবাদিকদের নিজেরই এগিয়ে আসতে হবে। তবে এ কথা সত্য যে, পিলখানা হত্যাযজ্ঞে সামরিক গোয়েন্দারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অধ্যাপক ড. এ কে এম. শাহনাওয়াজ বলেন, সেনাবাহিনী জাতির আস্থার প্রতীক। পিলখানা হত্যাযজ্ঞের সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ভারসাম্যপূর্ণ ছিল না। ভবিষ্যতে এ জাতীয় সংকট মোকাবিলায় এখনই প্রস্তুতি নিতে হবে।শাহীন রেজা নূর সাংবাদিকদের পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সাংবাদিকতা হতে হবে জনস্বার্থের পক্ষে। সাংবাদিকদের গণমানুষের কথা বলতে হবে। করপোরেট দাসত্ব করার জন্যই যেন আজকের সাংবাদিকতা। এর থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে।’সৈয়দ ইশতেয়াক রেজা বলেন, সাংবাদিকদের জন্য প্রতিরক্ষা বাহিনীর তথ্য আরো উš§ুক্ত করতে হবে। সেমিনারের প্রারম্ভে পিলখানা হত্যাযজ্ঞের ওপর দুটি ভিডিও চিত্র দেখানো হয়।